ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
96tvbd

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট 


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার মার্চ ২, ২০২৬, ০৮:৩০ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট 

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ হয়ে মায়ামি ডাইন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই যানজট বিকেল পর্যন্তও অব্যাহত ছিল। 
সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ভোর থেকেই ধীরগতি তৈরি হয়ে দুপুর পেরিয়ে বিকেলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক সেলিম হোসেন বিকেল ৫টার দিকে বলেন, ভোরে রওনা দিয়েছিলাম, দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিকেল হয়ে গেল, এখনো সোনারগাঁ অংশই পার হতে পারিনি। জ্বালানি খরচ বাড়ছে, সময়ও নষ্ট হচ্ছে।
দূরপাল্লার বাসচালক মনিরুল ইসলাম বলেন, এক লেন চালু থাকায় গাড়ির চাপ সামলানো যাচ্ছে না। যাত্রীরা বারবার প্রশ্ন করছেন, কিন্তু আমাদেরও কিছু করার নেই। সংস্কারকাজ জরুরি, তবে পরিকল্পনা আরও ভালো হলে ভোগান্তি কম হতো।
ঢাকাগামী যাত্রী শারমিন আক্তার বলেন, সকাল ১০টায় রওনা দিয়ে এখন বিকেল ৫টা। ছোট শিশুকে নিয়ে গাড়িতে বসে থাকা খুব কষ্টকর হয়ে পড়েছে। আগে থেকে সতর্কবার্তা থাকলে হয়তো অন্য সময় বের হতাম।
আরেক যাত্রী মাহবুব আলম বলেন, মেঘনা ব্রিজ পার হতে স্বাভাবিক সময়ে ১০ মিনিট লাগে, আজ লেগেছে প্রায় তিন ঘণ্টা। অফিস ও ব্যক্তিগত কাজ সব ব্যাহত হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে ঢালাই কাজ চলছে। কাজের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকামুখী লেনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের টিম মাঠে রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে যানবাহন ধাপে ধাপে ছাড়ার চেষ্টা করা হচ্ছে। ভারী যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়েছে। আজ রাতের মধ্যেই কাজের বড় অংশ শেষ হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

Side banner