ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
96tvbd

বাড়ি ঘেরাও করে ইউপিডিএফের নেতাকে হত্যা, গুলিবিদ্ধ ২ নারী


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৭, ২০২৬, ১২:০৩ পিএম বাড়ি ঘেরাও করে ইউপিডিএফের নেতাকে হত্যা, গুলিবিদ্ধ ২ নারী

রাঙামাটি সদরের কুতুকছড়িয় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহতের দুই বোন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুতুকছড়ি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানা গেছে, শুক্রবার সকালে ইউনিয়নে উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নিহতের বাড়ি ঘেরাও করে। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বেপরোয়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করলে আহতদের হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। দুই নারী হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, হাতে গুলিবিদ্ধ দুইজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে আবার চলে গেছেন।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।

Side banner