ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
96tvbd

আজ ইস্টার সানডে, যিশুর পুনরুত্থানের দিন 


৯৬ টিভি | ধর্ম ডেস্ক এপ্রিল ৫, ২০২৬, ০২:২৪ পিএম আজ ইস্টার সানডে, যিশুর পুনরুত্থানের দিন 

আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই দিনটি মৃত্যুর বিরুদ্ধে জীবনের বিজয় এবং নতুন আশার প্রতীক হিসেবে পালিত হয়।
খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও এর পরেই গুরুত্বের দিক থেকে রয়েছে ইস্টার সানডে। গুড ফ্রাইডে-র পরের রোববারই ইস্টার পালন করা হয়। গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই দিনটি খ্রিস্টানদের কাছে নতুন জীবন, আশা এবং মানবতার বার্তা বহন করে। যিশু খ্রিস্ট মানুষের কল্যাণ ও সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন। ইস্টার সেই ত্যাগ ও পুনরুত্থানের স্মরণে উদযাপিত হয়।
ইস্টার উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার ও নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিনটির অন্যতম আনন্দঘন অংশ হলো ইস্টার এগ বিতরণ। রঙিন নকশায় সাজানো ডিম বা চকোলেটের তৈরি ডিম শিশুদের মধ্যে উপহার হিসেবে দেওয়া হয়। অনেক দেশে শিশুদের আনন্দ দিতে ইস্টার বানি সেজে মানুষ রাস্তায় ঘুরে বেড়ায় এবং তাদের চকোলেট এগ উপহার দেয়। পাশাপাশি ইস্টার এগ নিয়ে বিভিন্ন মজার খেলাধুলার আয়োজনও করা হয়।
উল্লেখ্য, বড়দিনের মতো ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। সাধারণত ২১ মার্চের পর প্রথম পূর্ণিমার পরবর্তী রোববার ইস্টার উদযাপন করা হয়। ফলে প্রতি বছরই ইস্টারের তারিখ ভিন্ন হয়।

Side banner